হামের উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০৩৬ প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬ দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯৩৬ জন এবং নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হামে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৭ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে, যার ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২০১ জন। একই সময়ে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। জনস্বাস্থ্যবিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি। হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশই অপুষ্টির শিকার এবং মৃতদের ৫১ শতাংশের বয়স এখনো টিকা দেওয়ার উপযোগী হয়নি। জনস্বাস্থ্যবিদরা এই পরিস্থিতির জন্য ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে চরম অবহেলাকে দায়ী করছেন। প্রায় আট বছর ধরে হামের সংক্রমণ ৪০০-এর নিচে থাকলেও বর্তমান পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত গণটিকাদান কর্মসূচি চললেও প্রায় ৪০ লাখ শিশু তা থেকে বাদ পড়েছিল। আর এ বছর, অর্থাৎ ২০২৬ সালে হাম নির্মূলের সনদ পাওয়া যেত। SHARES জাতীয় বিষয়: প্রাদুর্ভাবমৃত্যুস্বাস্থ্যস্বাস্থ্য অধিদপ্তরহাম