ফরিদপুরে কিশোর ভ্যানচালক হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আটক

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৯

পাবনার ফরিদপুরে বড়াল নদ থেকে কিশোর অটোভ্যান চালক সাকিবুল (১৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত ইমনকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দিঘুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আকন্দপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুরের দিঘুলিয়া গ্রামেই বসবাস করছিলেন।

ইমনের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করেছে। একই সঙ্গে জেনে-শুনে সেই চোরাই ভ্যান কেনার অপরাধে মোক্তার হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে। মোক্তার ধানুয়াঘাটা গ্রামের রিকাত প্রামাণিকের ছেলে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের বিবরণ অনুযায়ী, গত রোববার দুপুর আড়াইটার দিকে যাত্রী সেজে সাকিবের অটোভ্যানে ওঠে ইমন। এরপর ভ্যানটি উপজেলার ডেমরা ইউনিয়নের মাজার এলাকার বড়াল নদের তীরে পৌঁছালে ইমন একটি কাঠের টুকরো দিয়ে সাকিবের মাথায় সজোরে আঘাত করে। এতে সাকিব অচেতন হয়ে পড়লে তাকে নদীতে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় সে। ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে নদের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার পর রোববার রাতেই নিহতের বাবা হারিজ উদ্দিন অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

ওসি জানান, আটকের পর ইমন কিশোর সাকিবুলকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ধানুয়াঘাটা বাজার থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।