অক্টোবরে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এই সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৭ অক্টোবর জিম্বাবুয়ে ও বাংলাদেশ মুখোমুখি হবে। এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান এবং ২১ অক্টোবর স্বাগতিক আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি একই দেশে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের পরপরই ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৫ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৫ থেকে ৯ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট ১৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, জিম্বাবুয়ে আরব আমিরাতে পৌঁছানোর আগেই বাংলাদেশ ও আফগানিস্তান ৯ থেকে ১৩ অক্টোবর একটি টেস্টে মুখোমুখি হবে। এই সফর নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তিন ফরম্যাটেই উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এই সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী দুই দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছেন বলে জানান এবং দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় টেস্ট সিরিজ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলা তাদের ক্রিকেটারদের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করবে। তিনি বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড জাতীয় দলকে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। SHARES খেলাধুলা বিষয়: আফগানিস্তান-ক্রিকেটক্রিকেট সংবাদজিম্বাবুয়ে-ক্রিকেটত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-ক্রিকেট