লিওনেল স্কালোনিকে নিয়ে নতুন পরিকল্পনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। তবে তাকে দলের দায়িত্বে রেখে দেওয়ার বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত স্কালোনির সঙ্গে বর্তমান চুক্তি বহাল রয়েছে।

গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর স্কালোনি বলেছিলেন, আমি আমার চুক্তি পূরণ করব, এরপর দেখা যাবে। তার এই মন্তব্যের পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এএফএ মনে করে, স্কালোনি দলের দায়িত্বে থেকে যেতে পারেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তাকে ধরে রাখার বিষয়ে নিজের ইচ্ছার কথা আগেই জানিয়ে রেখেছেন। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন কোচ নিজেই।

স্কালোনির ভবিষ্যতের সঙ্গে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়টিও গভীরভাবে জড়িয়ে আছে। মেসির সিদ্ধান্ত স্কালোনির পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। এছাড়া মেসি নিজে জাতীয় দলে কাজ চালিয়ে যেতে কেমন অনুভব করেন, সেটিও স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কার্যত ‘স্কালোনি যুগ’ হিসেবে পরিচিত দলটির সাফল্য ও আধিপত্যের ইতি ঘটেছে। মেসি দলের নেতৃত্ব ও প্রাণশক্তির কেন্দ্রবিন্দু ছিলেন, তাই তার বিদায়ে আর্জেন্টিনা বড় ধরনের শূন্যতা অনুভব করবে বলে মনে করা হচ্ছে। মেসিকে ছাড়া দলের শক্তি কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই নতুন যুগে আর্জেন্টিনাকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব, মানসিক দৃঢ়তা ও তাড়নার প্রয়োজন হবে। এএফএ জানে, বিশ্বকাপজয়ী কোচকে দায়িত্বে রাখতে হলে তাদের নতুন করে রাজি করাতে হবে, কারণ ফাইনালের পর স্কালোনি নিজের অবস্থান বেশ স্পষ্টভাবে জানিয়েছিলেন।