সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রধান বিচারপতিকে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারের দাবি জানিয়ে তিনি বলেন, বিতর্কিত ও দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে।

বিচার বিভাগের প্রশাসনিক সংস্কারের বিষয়ে তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সার্বিক পরিবেশের শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। এছাড়া, সম্প্রতি প্রধান বিচারপতির সাথে শুনানিতে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকার কঠোর সমালোচনা করেন। বার সভাপতি বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এমন সংকটময় মুহূর্তে তার এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।