গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতের এই রায়ের ফলে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট আবেদন খারিজ হয়ে গেছে, যা এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ প্রশস্ত করেছে। ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের কর দাবিকে কেন্দ্র করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ এই রিট দুটি দায়ের করেছিল। প্রাথমিক শুনানির পর আদালত এ বিষয়ে রুল জারি করেছিলেন। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে কর আদায়ের পক্ষে রায় দিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই রায় প্রত্যাহার করা হয়, কারণ রায় প্রদানকারী বেঞ্চের একজন বিচারপতি অতীতে আইনজীবী হিসেবে একই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেছিলেন। বিষয়টি সামনে আসার পর স্বপ্রণোদিতভাবে রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে প্রধান বিচারপতির নির্দেশনায় মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তরিত হয়। নতুন করে শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আগের রুল খারিজ করে দেন। এতে রাজস্ব বিভাগ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আয়কর হিসেবে আদায়ের আইনি বৈধতা পেল। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। রায়ের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন যে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন। SHARES অন্যান্য বিষয়: এনবিআরকরগ্রামীণ কল্যাণড. মুহাম্মদ ইউনূসহাইকোর্ট