এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮টি মামলায় ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে রোববার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকা থেকে এসব জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক এবং দেদারুল ইসলাম।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী তিন মাস ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা মশার বংশবিস্তার রোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন। এই কর্মসূচির আওতায় তারা বিভিন্ন বাসা-বাড়ি পরিদর্শন করে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং এবং ছাদ বাগান পরীক্ষা করবেন। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিক-নির্দেশনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।