ঘরের মাঠে ৩ প্রীতি ম্যাচে নামবে আর্জেন্টিনা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

বিশ্বকাপ জয়ের পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। ফিফা উইন্ডোর অংশ হিসেবে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই উইন্ডো চলবে, যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের।

সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর, একই ভেন্যুতে প্রতিপক্ষ বেনিন। ২২ অথবা ২৩ সেপ্টেম্বর থেকে এজেইজা ক্যাম্পে দলের অনুশীলন শুরুর সম্ভাবনা রয়েছে।

এই ম্যাচগুলো ফিফা র‍্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যানেও যুক্ত হবে। এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার জন্য এই ম্যাচগুলো তাদের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করার সুযোগ হতে পারে। কোচিং স্টাফরা দলের তরুণ নতুন মুখদের পরখ করে দেখার সুযোগও পাচ্ছেন এই সিরিজে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনার ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলছে বড় আলোচনা। এএফএ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করেছে, তবে স্কালোনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এছাড়া ভক্তদের মনে বড় প্রশ্ন, এই ম্যাচগুলোতে কি শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে?