রিভার প্লেটের শতবর্ষী রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়ল রোনালদোর আল নাসর

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস রচনা করেছে সৌদি আরবের ক্লাব আল নাসর। প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৯। প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে শীর্ষ লিগে টানা সর্বাধিক ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের দখলে।

সৌদি প্রো লিগের ম্যাচে সবশেষ আল খালিজের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ক্লাবটি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ম্যাচের ৭২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আব্দুল্লাহ আল-হামদান, যা দলকে এই অনন্য অর্জনের পথে নিয়ে যায়।

এই গোলের সুবাদে আল নাসর সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার গৌরব অর্জন করল। এর মাধ্যমে তারা ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের গড়া টানা ৯৩ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ডটি পেছনে ফেলে দিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর থেকেই মূলত আল নাসরের এই অবিচল যাত্রা শুরু হয়েছিল। সেই হারের পরের ম্যাচেই আল রিয়াদকে ৪-১ ব্যবধানে হারিয়ে গোল করার যে ধারাবাহিকতা তারা শুরু করেছিল, তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সৌদি প্রো লিগে ১১৩ ম্যাচ খেলে তিনি ইতিমধ্যে ১০৫টি গোল করেছেন। নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে রয়েছেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে সব মিলিয়ে তার ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৭৯টি।