পত্নীতলায় চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীসহ গ্রেপ্তার ২, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া ১ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া ও মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সরদারপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে নাজমুল হাসান (২৮) এবং মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে মাহফুজ (২৪)। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নাজমুল হাসান ওই আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং তিনিই এই চুরির চক্রটির নেতৃত্ব দিয়েছিলেন। অন্যজন অর্থাৎ মাহফুজ একটি স্বর্ণের দোকানে কাজ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। সে সময় বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরচক্রটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে নাজমুল ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই চুরির ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করেই এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি নজিপুর কাঁচাবাজার এলাকাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত