২৩ জানুয়ারি চুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি প্রাথমিকভাবে এই তারিখটি নির্ধারণ করেছে। ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত আলোচনার পর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শর্তাবলি, সময়সূচি ও মানবণ্টনের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুয়েটের চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট ৯৩১টি আসন রয়েছে, যার মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য অনুষদের বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা ও স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত হবে।

গতবারের ভর্তি পরীক্ষায় দুই গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৫০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন ছিল। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা ছিল, ফলে তাদের মোট নম্বর ছিল ৭০০। তবে চলতি শিক্ষাবর্ষে এসব শর্ত বা মানবণ্টনে কোনো পরিবর্তন আসবে কি না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর জানা যাবে।