রাজধানীর মিরপুরে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রাজধানীর মিরপুরে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মিরপুর-১১ এবং মিরপুর-১ নম্বর এলাকায় এসব ঘটনা ঘটে।

সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা পানি ছিটিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের কাছে বাসটিতে আগুন লাগার কোনো তথ্য নেই। ওসি হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি এবং পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে।