শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে ইবি ও ব্র্যাকের সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের সরাসরি চাকরি বাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’র মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এম-ও-ইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভিসি ভবনের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেইজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে সংস্থাটির হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এবং কমিটির আহ্বায়ক কাজী মোস্তফা আরিফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘ক্যারিয়ান হাব’ স্থাপন ও পরিচালনা করা। এর মাধ্যমে স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মজীবন প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং কর্পোরেট খাতের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করা হবে।

ব্র্যাকের প্রতিনিধিদলে সাফি রহমান খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্যারিয়ার হাবের ম্যানেজার মো. আলিউল আজীম, প্রজেক্ট ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম, খুলনা ব্রাঞ্চ ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সিলর ফারহা রহমান এবং সাজ্জাদুল ইসলাম।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জে. এম. সাইফুল ইসলাম জানান, ২০২০ সালে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ৭১ হাজারের বেশি তরুণকে সংযুক্ত করে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কাউন্সেলিং করা হয়েছে, যার মধ্যে ৫,৪০০ জনের বেশি সরাসরি চাকরি পেয়েছেন। তিনি আরও জানান, এই মডেলে সিভি প্রস্তুতকরণ, মক ইন্টারভিউ, অন-স্পট ইন্টারভিউ, তরুণ উদ্যোক্তাদের সহায়তা এবং ফেলোশিপ ও গবেষণা অনুদানের ব্যবস্থা থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত দক্ষ ও পেশাদার মানবসম্পদে রূপান্তর করাই মূল লক্ষ্য। তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘মাল্টি-সেন্সরস স্পেস’ স্থাপনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক চুক্তি জোরদার করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্র্যাক ক্যারিয়ার হাবের প্রজেক্ট ম্যানেজার জে. এম. সাইফুল ইসলাম প্রকল্পটির বিস্তারিত তুলে ধরে জানান, বর্তমানে দেশের ৪৭.৫ মিলিয়ন তরুণের মধ্যে বেকারত্বের হার প্রায় ৯.৩৯ শতাংশ, যা উচ্চশিক্ষিত গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে সবচেয়ে প্রকট। পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রতি ৩ জন গ্র্যাজুয়েটের একজন বেকারত্ব ভোগ করছেন।