উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে উত্তাল চুয়েট, চলছে কমপ্লিট শাটডাউন

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীদের মূল দাবি, সদ্য অব্যাহতি পাওয়া উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারেন, সেজন্য প্রধান ফটকে কঠোর অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শাটডাউনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে চুয়েট শিক্ষক সমিতি। সংগঠনটি উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে বহাল করার জোর দাবি জানিয়েছে।

এর আগে সোমবার রাতেও উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে আন্দোলনকারীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। দায়িত্ব নেয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।