সালাউদ্দিন তানভীরের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়া কারা কর্তৃপক্ষের প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরের ওপর কারাবন্দি অবস্থায় কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ। তানভীরের করা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বর্জিত বলে উল্লেখ করেছে তারা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ জানায়, গাজী সালাউদ্দিন তানভীরের উত্থাপিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে। নিশ্চিত হওয়া গেছে যে, বগুড়া জেলা কারাগার এবং ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার ওপর কোনো ধরনের শারীরিক কিংবা মানসিক নির্যাতন করা হয়নি। এমনকি কোনো কারা কর্মকর্তা বা কর্মচারীও তার সঙ্গে কোনো রকম অসদাচরণ বা খারাপ আচরণ করেননি। কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া জেলা কারাগারে আনার পর সেখানে আটক রাখা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অসুস্থতার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ সেপ্টেম্বর তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এর আগে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করেন গাজী সালাউদ্দিন তানভীর। সেখানে তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। চিকিৎসার নামে তাকে অজ্ঞাত ওষুধ এবং ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়ার দাবিও করেন তিনি। এছাড়া তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা হয়েছিল এবং কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের রাতে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফেরত আনার মতো বিশেষ সুবিধা দেওয়া হতো বলে তানভীর অভিযোগ তোলেন। তবে আওয়ামী লীগ নেতাদের রাতে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে বগুড়া কারা কর্তৃপক্ষ। তারা জানায়, রাতে কোনো বন্দিকে কারাগারের বাইরে পাঠানো এবং ভোরে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের মিথ্যা বক্তব্য কারা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তানভীরের কাছে এসব অভিযোগের পক্ষে কোনো অডিও, ভিডিও, নথি বা নির্ভরযোগ্য প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ। একই সঙ্গে, স্পর্শকাতর এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। SHARES রাজনীতি বিষয়: কারা কর্তৃপক্ষগাজী সালাউদ্দীন তানভীরজাতীয় নাগরিক পার্টিনির্যাতনের অভিযোগবগুড়া জেলা কারাগার