সিলেটে ভাইব্রেন্টের ২২তম শোরুম উদ্বোধন, মিলছে ২৬ শতাংশ ছাড়

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে সিলেটে নতুন একটি সেলস সেন্টার চালু করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম রিটেইল ব্র্যান্ড 'ভাইব্রেন্ট'। এটি প্রতিষ্ঠানটির ২২তম শোরুম। জিন্দাবাজার পয়েন্টে অবস্থিত এই নতুন সেলস সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার (৩০ সেপ্টেম্বর)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এ কে এম হারুনুর রশিদ এবং রিটেইল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রবিন। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমানসহ ইউএস-বাংলা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুমটির যাত্রা শুরু উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছে ভাইব্রেন্ট কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই সেলস সেন্টারে যেকোনো কেনাকাটায় গ্রাহকদের জন্য ২৬ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

ভাইব্রেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা শুরুর পর থেকেই তারা গ্রাহকদের রুচি, আধুনিকতা ও ক্রয়ক্ষমতার বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে। নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তিতে তৈরি নানারকম লাইফস্টাইল পণ্য তারা বাজারজাত করে থাকে। সিলেটের নতুন শোরুমে পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা, লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, শার্ট, টি-শার্টসহ সহস্রাধিক ডিজাইনের লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে।