মেঝেতে রোগী: পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে মন্ত্রীর একগুচ্ছ ঘোষণা প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বহির্বিভাগে প্রতিদিন হাজারো মানুষের ভিড় এবং ১২০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালটি চাপের মুখে রয়েছে। পটিয়া ছাড়াও আশপাশের পাঁচটি উপজেলার মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই কেন্দ্রটি। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই দুরবস্থা প্রত্যক্ষ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজ নেন মন্ত্রী। ওয়ার্ডে জায়গা নেই, শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পটিয়াসহ আশপাশের পাঁচ উপজেলার মানুষের ওপর নির্ভরশীলতা থাকায় দিন দিন বাড়ছে রোগীর চাপ। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি এবং খালি হাতে ফিরছি না। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীতকরণের টেন্ডার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, কিডনি রোগীদের সুবিধার জন্য ১০টি শয্যা ও ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। আগামী দুই বছরের মধ্যে এই সেবা চালু হবে, যেখানে প্রতিদিন অন্তত ২০ জন রোগী ডায়ালাইসিস নিতে পারবেন। এছাড়া প্রসূতি মায়েদের জন্য ২০টি এবং নবজাতকদের জন্য আলাদা ২০টি শয্যা স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি, যা মাতৃ ও শিশু স্বাস্থ্যের সুরক্ষায় ভূমিকা রাখবে। প্রতিদিন প্রায় ২০ জন রোগী ডায়ালাইসিসের সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী। ফলে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার পরিধিও বাড়বে হাসপাতালটিতে। চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে মন্ত্রী চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, পাঁচজন মেডিকেল অফিসার, চারজন নার্স, একজন মিডওয়াইফ, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফারসহ প্রয়োজনীয় জনবল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে উন্নত প্যাথলজি সেবা এবং ফিজিওথেরাপি সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। পুরুষ ও নারী রোগীদের জন্য পৃথক ব্যবস্থা এবং সেই অনুযায়ী চিকিৎসক পদায়নের বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। আইসিইউ চালুর দাবির বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো নিশ্চিত করার পর ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়া হবে। পটিয়া হাসপাতাল ছাড়াও মন্ত্রী নিকটস্থ পাঁচুরিয়া উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে এর জরাজীর্ণ দশা দেখে পুনর্নির্মাণের জন্য তাৎক্ষণিক স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে (এইচইডি) নির্দেশনা দেন। জরুরি ভিত্তিতে পটিয়া হাসপাতালের জন্য ৫০টি রেবিস ভ্যাকসিন, ৫০টি রেবিস আইজি, ১৫০টি ডায়রিয়ার স্যালাইন এবং ২০টি অ্যান্টিভেনম প্রদানের ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, পটিয়া একসময় মহকুমা সদর হওয়ার সুবাদে বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাকেন্দ্র হিসেবে এটি গড়ে উঠেছিল। বর্তমানে রোগীর ব্যাপক চাপের কারণে হাসপাতালটির লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি জানান, মন্ত্রী সরেজমিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং রোগীদের সমস্যার সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এসময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES স্বাস্থ্য বিষয়: চট্টগ্রামচিকিৎসা সেবাপটিয়াস্বাস্থ্য কমপ্লেক্সস্বাস্থ্যমন্ত্রী