চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই জেলায় মোট ৪ হাজার ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। অক্টোবরের শুরুতেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে এবং মাসের প্রথম চার দিনেই নতুন করে ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের ডেঙ্গুর মূল চাপ তৈরি হয়েছে জুলাই থেকে। রোববার (৪ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে সংক্রমণের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫৩৬ জন, যা আগস্টে এক লাফে বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০২ জনে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৩০ জনে পৌঁছায়। অর্থাৎ আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগীর হার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। অক্টোবরের প্রথম চার দিনে ৩৪১ জন আক্রান্ত হওয়ার অর্থ হলো প্রতিদিন গড়ে প্রায় ৮৫ জন রোগী শনাক্ত হচ্ছেন, যেখানে সেপ্টেম্বরে দৈনিক গড় ছিল প্রায় ৮১ জন। বর্তমানে জেলায় মোট ৪ হাজার ৮০৭ জন ডেঙ্গু আক্রান্তের রেকর্ড রয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২৮ জন এবং বিভিন্ন উপজেলায় ২ হাজার ৬০ জন। আক্রান্তদের মধ্যে ৫১৯ জন অন্যান্য জেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে ৬০৮ জন আক্রান্ত নিয়ে শীর্ষে রয়েছে, এছাড়া কর্ণফুলীতে ২৮১, বাঁশখালীতে ১৫৩, রাঙ্গুনিয়ায় ১৫০ এবং সাতকানিয়ায় ১১৮ জন রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বিআইটিআইডিতে ১০ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫ জন, সিএমএইচে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ৪ হাজার ৫৬৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৬ জন। ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রোগীরা ও তাদের স্বজনরা নতুন করে ভোগান্তিতে পড়েছেন ফলের বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে। চিকিৎসকরা রোগীদের তরল খাবারসহ ডাব ও মাল্টা খাওয়ার পরামর্শ দিচ্ছেন, কিন্তু বাজারে এসবের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে মাল্টা কেজিপ্রতি ৪৮০ থেকে ৫২০ টাকায় এবং একটি ডাব ১৫০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বাঁশখালীর বাসিন্দা আব্দুস সবুরের ভাই আরিফ বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভাইকে প্রচুর তরল খাবার দিতে হচ্ছে। কিন্তু ডাব ও মাল্টার অস্বাভাবিক দামের কারণে নিয়মিত ফল কেনা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডেঙ্গুর এই সংকটে যারা ফলের দাম বাড়িয়ে ফায়দা লুটছেন, তাদের এই অমানবিক আচরণের নিন্দা জানানোর ভাষা নেই। ডেঙ্গুকে কেন্দ্র করে ফলের দাম বাড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যেসব ব্যবসায়ী ডেঙ্গুকে কেন্দ্র করে ফলের দাম বাড়াচ্ছেন, তাদের ওপর আল্লাহপাকের গজব পড়া উচিত।’। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চাহিদা বাড়ার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে ডাব ও মাল্টার দাম কিছুটা চড়া। তবে ডেঙ্গু রোগীর স্বজনরা মনে করছেন, বাড়তি চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় ফলের এই উচ্চমূল্য তাদের চরম আর্থিক চাপের মুখে ঠেলে দিচ্ছে। এতে ডেঙ্গু আক্রান্ত পরিবারের চিকিৎসা ব্যয়ের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি পথ্যের খরচ। SHARES স্বাস্থ্য বিষয়: চট্টগ্রাম ডেঙ্গুচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালডেঙ্গু সংক্রমণফলমূলের দামস্বাস্থ্যঝুঁকি