চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে পার্কভিউ হসপিটাল প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬ কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মযজ্ঞে পার্কভিউ হসপিটালের হাউজকিপিং বিভাগের ২১ জন কর্মী অংশ নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অংশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পুরো এলাকাটিকে রোগীবান্ধব ও স্বাস্থ্যকর করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ। তারা জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবেশ উন্নয়নে এ ধরনের কার্যক্রম খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন। দিনব্যাপী এই আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে তারা নিয়মিতভাবে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে এমন অভিযান চালিয়ে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের পরিকল্পনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনায় চকরিয়াতে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকালে পার্কভিউ হসপিটালের মার্কেটিং সহকারী ম্যানেজার নিজাম উদ্দীন, অফিসার তালুকদার মশিউর রহমান এবং হাউজকিপিং অফিসার মো. আরিফ উপস্থিত ছিলেন। নিয়মিত বিরতিতে এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ, যা সরকারি স্বাস্থ্য সেবার পরিবেশ উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। SHARES জেলা/উপজেলা বিষয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকক্সবাজারচকরিয়াপরিচ্ছন্নতা অভিযানপার্কভিউ হসপিটাল