পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি ভূমি দখলমুক্ত

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় সরকারি জায়গা ও সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলমুক্ত করতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী পরিচালিত এই পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে উপজেলার শান্তিরহাট এলাকায় মহাসড়কের ওপর মালামাল রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে এক মুদি দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে শান্তিরহাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং পাচুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনের দীর্ঘদিনের অবৈধ দোকানগুলোও উচ্ছেদ করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মো. আজিজুল মোস্তফা ও সার্ভেয়ার সুবাশিষ চাকমা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান জানান, সরকারি জায়গা বা মহাসড়ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে থাকার কোনো সুযোগ নেই। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সরকারি সম্পদ সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত জায়গায় যাতে ভবিষ্যতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।