সাতকানিয়ায় তিনটি বেসরকারি হাসপাতালে জরিমানা প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬ সাতকানিয়ায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। অভিযানের বিস্তারিত তথ্যে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়। এর মধ্যে সাতকানিয়া মা ও শিশু হাসপাতালকে লাইসেন্স ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র না থাকা, ল্যাবে পর্যাপ্ত টেকনোলজিস্ট ও হাসপাতালে পরিমিত নার্স না থাকা এবং ত্রুটিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, নিয়মবহির্ভূত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে এলাইট হাসপাতাল ও আল হায়াত হাসপাতালকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় লাইসেন্সবিহীন ও অনিয়মতান্ত্রিক ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর তদারকি অব্যাহত থাকবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা নিয়ম লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: জরিমানাভ্রাম্যমাণ আদালতসাতকানিয়াস্বাস্থ্যসেবাহাসপাতাল