ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩৫ জন প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আরও ২ জনের প্রাণহানি ঘটেছে। হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ২৯৪ জনের মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ১৩২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। SHARES স্বাস্থ্য বিষয়: ডেঙ্গুডেঙ্গু মৃত্যুবাংলাদেশস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য সংবাদ