৩১ অক্টোবর কুষ্টিয়ার উদ্দেশ্যে জামায়াত জোটের লংমার্চ

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের রুট ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর রাজধানী থেকে শুরু হয়ে এই লংমার্চ গোপালগঞ্জ হয়ে বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহ পেরিয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। তবে গোপালগঞ্জ শহরে কোনো পথসভা করবে না জোটটি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। পূজা উপলক্ষে আগে ঘোষিত ১০ অক্টোবরের ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবরের ঢাকা-সিলেট লংমার্চের কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে। ঢাকা-সিলেট লংমার্চের নতুন তারিখ নভেম্বরে নির্ধারণ করা হবে।

প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চের রুট অনুযায়ী, গাড়িবহর গোপালগঞ্জ অতিক্রম করে বাগেরহাটের ফকিরহাটে পৌঁছাবে। সেখানে কাটাখালী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা নগরীর শিববাড়ী মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হওয়ার কথা রয়েছে। এরপর যশোর ও ঝিনাইদহ জেলা শহরের বাসস্ট্যান্ডে পথসভা শেষে লংমার্চ কুষ্টিয়ায় পৌঁছাবে। কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হবে।

১১ দলের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি বলেন, চট্টগ্রাম ও রংপুরের মতো দক্ষিণাঞ্চলের এই কর্মসূচিও শান্তিপূর্ণ হবে। তিনি গোপালগঞ্জের মানুষের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে এবং নেতাকর্মীরা কোনো উসকানিতে পা দেবেন না।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত