২০২৭ সালের হজে ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করল সৌদি আরব প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ বিদেশ থেকে আসা হজযাত্রীদের সেবা আরও সহজ করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই উদ্যোগের আওতায় একটি মাত্র চুক্তির মাধ্যমেই হজযাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে বিদেশি হজ এজেন্সিগুলোকে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা করে চুক্তি করতে হবে না। একটি মাত্র ইলেকট্রনিক আবেদনের মাধ্যমে এজেন্সি ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করতে পারবে। হজযাত্রীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাবতীয় সেবা এই একক চুক্তির আওতায় থাকবে। ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ‘অল-ইনক্লুসিভ’ প্যাকেজের অধীনে মূলত চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো— পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন এবং খাবার। এছাড়া বিভিন্ন দেশের হজযাত্রীদের চাহিদা ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সেবা যোগ করার সুযোগও রাখা হয়েছে এই প্যাকেজে। এর আগে হজের আয়োজকদের প্রতিটি সেবার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হতো। নতুন নিয়মে পুরো হজযাত্রার প্রয়োজনীয় সেবাগুলো একটি মাত্র আবেদনের মাধ্যমে একযোগে নেওয়া যাবে। এর ফলে চুক্তির শর্তাবলী এবং সেবা প্রদানের প্রক্রিয়া সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আরও স্পষ্ট ও স্বচ্ছ হবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ। এতে হজের আনুষ্ঠানিকতা সহজ হওয়ার পাশাপাশি এজেন্সি, হজযাত্রী ও সেবাদাতাদের মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক আরও দৃঢ় হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগটি দেশটির ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SHARES অন্যান্য বিষয়: অল-ইনক্লুসিভ প্যাকেজভিশন ২০৩০সৌদি-আরবহজ ও ওমরাহ মন্ত্রণালয়হজ প্যাকেজ২০২৭ সালের হজ