অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ দিল বিশ্বব্যাংক

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

বাংলাদেশে টানা তিন বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দারিদ্র্য বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, কম রাজস্ব সংগ্রহ এবং বেসরকারি বিনিয়োগের মন্দার মতো সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এসব চ্যালেঞ্জের কথা উঠে এসেছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের ফলে উদ্ভূত বৈশ্বিক অনিশ্চয়তা বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জকে আরও ঘনীভূত করেছে। বিদ্যমান পরিস্থিতিতে ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও কমে ৩.৯ শতাংশে নেমে আসতে পারে বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ এখনো খোলা রয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক। তাদের মতে, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হলে এবং দ্রুত কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি পুনরায় শক্তিশালী প্রবৃদ্ধির ধারায় ফিরে আসতে সক্ষম হবে।