লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার পদে ১৮ জনের নিয়োগ প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম। ঢাকার গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। সারা দেশের 'এ ক্যাটাগরি'ভুক্ত ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে ঢাকার বিভিন্ন অফিসে পদায়নের জন্য বাছাই করা হয়েছে। মঙ্গলবার সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই লটারি অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ছাড়াও আইন সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম ও মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান খান এবং মহাসচিব মাইকেল আবদুল্লাহ অংশ নেন। লটারিতে নির্বাচিত ১৮ জন সাব-রেজিস্ট্রার হলেন—মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (সদর, মুন্সীগঞ্জ), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (সদর, যশোর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতেই এই স্বচ্ছ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত থাকলেও ১৩৯টি পদ শূন্য রয়েছে। ঢাকার পোস্টিংকে সাধারণত 'প্রাইজ পোস্টিং' হিসেবে দেখা হয়, তাই এখানেই প্রথম লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন সব স্টেশনেও একই ধরনের স্বচ্ছ পদায়ন প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। ঢাকায় নির্বাচিতদের কর্মকাল সম্পর্কে মন্ত্রী জানান, সার্ভিস রুল অনুযায়ী এবং তাদের কাজের মান ও সততার ভিত্তিতে তারা দায়িত্ব পালন করবেন। যারা দুর্নীতিতে জড়াবেন, তাদের রাখা হবে না। সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি সাংবাদিকদের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কিছু সাংবাদিকের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগও উত্থাপন করেন এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি না করার প্রতিশ্রুতি দেন। SHARES জাতীয় বিষয়: আইন মন্ত্রণালয়ঢাকানিয়োগলটারিসাব-রেজিস্ট্রার