যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: পেজেশকিয়ান

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা অর্থহীন। সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

ফারস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, 'যে শত্রু প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। আমাদের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।'

এদিকে, ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ইউরোপ সফরের প্রাক্কালে সাংবাদিকদের তিনি জানান, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং ওয়াশিংটন তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ ক্ষেত্রে সামরিক পদক্ষেপের বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

রুবিও আরও বলেন, হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি উল্লেখ করেন, ইয়েমেনের মিত্র বাহিনীগুলো তাদের হারানো এলাকা পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং বাব আল-মান্দাব প্রণালির কাছে হুথিদের আধিপত্যের বিরোধিতা করছে।

এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি রাজধানী সানা পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক অভিযানের ঘোষণা দেন। ২০১৪ সাল থেকে শহরটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা ও বেশ কিছু কৌশলগত অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক হামলায় অংশ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং কেবল গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সৌদি আরবকে সহায়তার কথা জানিয়েছে।