জাতিসংঘে ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সংক্রান্ত একটি অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে এই অভিনন্দন জানানোর প্রস্তাবটি গৃহীত হয়। গেজেটের তথ্যানুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেন। বাংলাদেশের জন্য এটিকে একটি ঐতিহাসিক ও বিশেষ মর্যাদাপূর্ণ ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে। এই সফরের চার দিনে প্রধানমন্ত্রী মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে সাধারণ পরিষদের ভাষণের পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের অঙ্গীকার ও প্রত্যাশাকে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ঘটনাকে গেজেটে বিরল ও অনন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং ১৯৯৬ সালের ১ অক্টোবর প্রধানমন্ত্রীর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটটি জনস্বার্থে প্রকাশের জন্য জারি করা হয়েছে বলে জানানো হয়। SHARES জাতীয় বিষয়: জাতিসংঘতারেক-রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশমন্ত্রিসভা