মতিঝিলের সেই আলোচিত বাংলার বাণী ভবন এখন নুরের দখলে

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

মতিঝিলের ৮১ নম্বর ঠিকানায় অবস্থিত ঐতিহাসিক চারতলা ভবনটি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের কব্জায়। ৫৩ বছরের পুরনো এই ভবনটি এক সময় উর্দু দৈনিক পাসবান এবং পরবর্তীতে প্রভাবশালী বাংলা দৈনিক বাংলার বাণীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ১৯৭১ সালের আগে এই ভবনটি ছিল উর্দু দৈনিক পাসবান-এর কার্যালয় ও ছাপাখানা। স্বাধীনতার পর ১৯৭২ সালে শেখ ফজলুল হক মণি এই ভবনটির নিয়ন্ত্রণ নেন। এরপর ১৯৭৩ ও ১৯৭৫ সালের বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনে ভবনটি সরকারি নিয়ন্ত্রণ ও পরিত্যক্ত সম্পত্তির মামলার জালে আটকে যায়। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভবনটি ঘিরে বেশ কয়েকবার দখলের চেষ্টা চললেও বর্তমানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণেই এর অধিকাংশ অংশ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভবন সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ভবনটির তৃতীয় ও চতুর্থ তলা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এই তলাগুলোতে আগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের রাজনৈতিক কার্যালয় ও ল’ চেম্বার ছিল। ভবনটির পেছনের অংশে ‘পানসি’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে, যার মালিকানায় গণঅধিকার পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া ভবনের নিচতলায় ‘ওহ চিটাগাং’ নামে একটি ছোট দোকানের মালিক মামুন বাবু জানিয়েছেন, তিনি বিএনপি’র অঙ্গসংগঠনের সাথে জড়িত সুমন নামের এক ব্যক্তির কাছ থেকে দোকানটি ভাড়া নিয়েছেন। স্থানীয়দের মতে, ভবনটি মূলত সারোয়ার হোসেন সানী নামের এক ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন, যিনি নিজেকে নুরের আত্মীয় হিসেবে পরিচয় দেন। এছাড়া ৬, ১৫, ৮০ ও ৮২ নম্বর প্লট সংলগ্ন এই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

ভবনটিতে অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের সূত্র জানায়, ২০০২ সাল থেকে প্রকৃত মালিক শেখ ফজলে নূর তাপসের সাথে চুক্তি অনুযায়ী ব্যাংকটি কার্যক্রম চালিয়ে আসছে। ৫ই আগস্টের দুদিন পর কিছু লোক ব্যাংক শাখায় ঢুকে মালামাল লুটপাটের চেষ্টা করে এবং সমন্বয়ক পরিচয় দিয়ে কিছু যুবক ভবনটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে গণঅধিকার পরিষদের পরিচয়ে ভবনটির নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং ব্যাংক কর্তৃপক্ষকে ভাড়া তাদের কাছে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে বৈধ কাগজপত্র না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাদের ভাড়া দিতে অস্বীকৃতি জানায়।

বাংলার বাণী ভবনটির মালিকানা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পরিবারের। চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে তিনি বিদেশে পাড়ি জমান। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাপস এর দখল ফিরে পান। তবে বর্তমান পরিস্থিতিতে ভবনটি আবারও নতুন করে দখলের শিকার হয়েছে। এ বিষয়ে মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ভবন দখলের বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।