কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত হলেন সেরা কর্মকর্তারা

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) আয়োজিত এই সভায় গত সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কর্মদক্ষতার মূল্যায়নে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মো. কামরুজ্জামান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন নির্বাচিত হন। অন্যদিকে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান।

সভায় পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেই সঙ্গে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের অর্থ পুরস্কারও দেওয়া হয় এবং ভবিষ্যতে এই পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আশ্বাস দেওয়া হয়।

এদিকে জেলা সেরা ওসির পুরস্কার পাওয়ার পর বরুড়া থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। এই অর্জনের জন্য বরুড়া থানার পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত