সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কানাডীয় লেখিকা অ্যান কারসন। বৃহস্পতিবার ৮ অক্টোবর স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি কারসনের সাহিত্যকর্মকে ‘সাহসী ও সৃজনশীল সাহিত্যসম্ভার’ বা ‘bold and inventive oeuvre’ হিসেবে আখ্যায়িত করেছে। কমিটির ভাষ্যমতে, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন নতুন রূপ সৃষ্টি করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। কারসনের লেখায় কবিতা, গদ্য, অনুবাদ এবং প্রাচীন গ্রিক ও আধুনিক সাহিত্যের এক স্বতন্ত্র মেলবন্ধন লক্ষ্য করা যায়, যা প্রচলিত ধারার সীমানা ছাড়িয়ে নতুন ভাষা ও আঙ্গিক নির্মাণে সক্ষম হয়েছে।

৭৬ বছর বয়সী এই লেখকের সাহিত্যিক ভিত্তি ও সৃজনশীলতার গভীরে রয়েছে প্রাচীন গ্রিক সাহিত্য ও দর্শনের প্রতি তার অনুরাগ। ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে জন্ম নেওয়া অ্যান প্যাট্রিসিয়া কারসন শৈশবেই বাবার চাকরির সুবাদে বিভিন্ন শহরে বেড়ে ওঠেন। স্কুলজীবনে ল্যাটিন শিক্ষকের কাছে প্রাচীন গ্রিক ভাষা শেখার মাধ্যমেই তার এই দীর্ঘ সাহিত্যিক যাত্রার সূচনা হয়। পরবর্তীতে তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের সেন্ট মাইকেলস কলেজে ক্লাসিকস নিয়ে পড়াশোনা করেন।

তার এই নোবেল প্রাপ্তি আন্তর্জাতিক অঙ্গনে তার দীর্ঘ সাহিত্যজীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। সাহিত্যের পুরোনো ঐতিহ্যকে অনুসরণ করে সেটিকে নতুন আঙ্গিকে পুনর্নির্মাণের যে ধারা তিনি বজায় রেখেছেন, তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

চলতি বছরের নোবেল সপ্তাহ শুরু হয় ৫ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান ও রসায়নে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৯ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির মাধ্যমে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী নাম ঘোষণার মাধ্যমে ২০২৬ সালের নোবেল সপ্তাহ শুরু হয়। মানুষের মস্তিষ্কের কোষ কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে— দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনের জন্য এবার চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছেন ৩ জন বিজ্ঞানী— কার্ল দেইসেরাথ, পিটার হেগেমান এবং জর্জ ন্যাগেল।

পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।