নাটোরে জার্মান পর্যটকের ল্যাপটপ চুরি, উদ্ধারে ট্রেনেও চলল তল্লাশি প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬ নাটোর রেলস্টেশন থেকে চুরির শিকার হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারে নাটোর ও রাজশাহীতে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। চুরির পর থেকে ল্যাপটপটির অবস্থান কয়েক দফায় শনাক্ত করা গেলেও বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হওয়ার পর সেখানে অবস্থানরত দুটি ট্রেনেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় স্টেশনে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ল্যান্ডার দেখেন, ওই ব্যক্তি এবং তার ব্যাগটির কোনো হদিস নেই। ব্যাগে তার মূল্যবান ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এই ঘটনার পর ওই জার্মান পর্যটক নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে ল্যাপটপের অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হলে বুধবার রাত ১১টার দিকে ক্রিল ল্যান্ডার রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান রাজশাহী মহিলা কলেজের আশপাশে দেখাচ্ছিল। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ল্যাপটপের অবস্থান শনাক্ত হওয়ার পরপরই রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযানে নামেন। বিষয়টি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং মেসের মালিক ও কেয়ারটেকারদেরও জানানো হয়। তবে ল্যাপটপটিতে কোনো সিম কার্ড না থাকায় সুনির্দিষ্ট নিখুঁত অবস্থান বের করা কঠিন হয়ে পড়ে। রাতে অবস্থানের কোনো পরিবর্তন না হওয়ায় ল্যাপটপটি কেউ যেন কিনে না নেয়, সে জন্য স্থানীয় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ল্যাপটপটির সর্বশেষ অবস্থান নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে শনাক্ত করা হয়। ওই সময় সেখানে তিতুমীর এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন দুটি অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ওই ট্রেন দুটিতে চিরুনি তল্লাশি চালায়। তবে দীর্ঘ তল্লাশির পরও ল্যাপটপ বা ক্যামেরার কোনো সন্ধান পাওয়া যায়নি। হারানো জিনিসপত্রের খোঁজে রাজশাহীতে থাকা জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার সাংবাদিকদের বলেন, কাজটা বেশ কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাতে পারছি। তিনি আরও জানান, গত কয়েক ঘণ্টায় নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত না হওয়ায় সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। তবে তিনি আশাবাদী যে তার জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে এটিই তার প্রথম সফর উল্লেখ করে পুলিশের আন্তরিক কাজের প্রশংসা করেন তিনি। রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আমাদের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। সঠিক ও নিখুঁত লোকেশন পাওয়া গেলেই ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশী পর্যটক আমাদের মেহমান। তার চুরি যাওয়া জিনিসপত্র দ্রুত ফিরিয়ে দিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: জার্মান পর্যটকনাটোরপুলিশি অভিযানরাজশাহীরেলওয়ে পুলিশল্যাপটপ চুরি