সেন্টমার্টিনে ৪২ কোটির ইয়াবা ও হেরোইন উদ্ধার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, এদিন সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি আভিযানিক দল ওই এলাকায় টহলে ছিল। টহলের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা দ্রুত তিনটি বস্তা সাগরে ফেলে দেয় এবং নৌকা নিয়ে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা সাগরে ভাসমান ওই বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে উল্লিখিত পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।