রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬ সাড়ে চার ঘণ্টায় রাজধানীর মোট ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন বলে জানিয়েছেন উপ প্রেস সচিব হাসান শিপলু। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার পাশাপাশি সেবার মান, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শুরুতে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন। পরবর্তীতে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের একপর্যায়ে তিনি নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারও প্রধানমন্ত্রীর পরিদর্শনের তালিকায় ছিল। মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিন এবং আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার করার জন্য দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দায়িত্ব পালনকালে ধূমপানরত অবস্থায় পাওয়া সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। SHARES রাজধানী বিষয়: আকস্মিক পরিদর্শনঢাকাপ্রধানমন্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠানহাসপাতাল