শেরপুরে প্রতিদিন ৮০ জনের আহারের জোগান দিচ্ছে নৃ ফাউন্ডেশন প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬ শেরপুর শহরের দারোগালী পার্কের ঈদগাহ মাঠে প্রতিদিন বেলা ২টা বাজলেই জড়ো হন একদল মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন বয়স্ক, শিশু, দিনমজুর, ভিক্ষুক, রিকশাচালক ও ভাসমান মানুষ। এদের অনেকেরই হাতে পর্যাপ্ত টাকা নেই, আবার কারও কারও জন্য দুপুরের খাবার জোগাড় করাটাই কঠিন। একবেলা খাবারের আশায় তাঁরা বেলা ১টা থেকেই সেখানে অপেক্ষা করেন। একটি ভ্যান এসে থামলেই শুরু হয় খাবার পরিবেশন। থালায় গরম ভাত, ডাল, সবজি, ডিম, মাছ কিংবা মাংস তুলে দেওয়া হয় তাঁদের হাতে। স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশন প্রতিদিন অন্তত একবেলা খাবারের এই ব্যবস্থা করে আসছে। সংগঠনটির এই মানবিক উদ্যোগের নাম ‘অনাহারীর আহার’। নৃ ফাউন্ডেশনের দাবি, গত ছয় বছর ধরে ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খাবার খেতে আসা এসব মানুষের অনেকেই জানান, সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়, ফলে প্রতিদিন দুপুরে পেট ভরে খাওয়ার সামর্থ্য তাঁদের নেই। নৃ ফাউন্ডেশনের এই উদ্যোগ তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে। নিয়মিত খাবার খেতে আসা কয়েকজন জানান, এমন উদ্যোগ যেন বন্ধ না হয়, সেটাই তাঁদের প্রত্যাশা। ২০২০ সালে করোনা মহামারির দুঃসময়ে মানুষের অসহায়ত্ব দেখে এই কার্যক্রম শুরু করেছিল নৃ ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আওরঙ্গজেব আকন্দ জানান, করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। তাঁদের পাশে দাঁড়ানো এবং অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করার লক্ষ্যেই ‘অনাহারীর আহার’ কর্মসূচি চালু করা হয়। নৃ ফাউন্ডেশনের কার্যক্রম কেবল খাবার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। রমজান মাসে ইফতার বিতরণ, মৌসুমি ফল বিতরণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করার পাশাপাশি অসহায় মানুষের কর্মসংস্থানেও কাজ করছে তারা। ‘অসহায়ের সহায়’ নামে আরেকটি কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। সংগঠনটির ২১ সদস্যের এই তরুণ দল দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমেও সহায়তা সংগ্রহ করা হয়। দীর্ঘ ছয় বছর ধরে চলা এই উদ্যোগে প্রতিদিন খাবার পেয়ে কিছুটা স্বস্তি ফিরছে অসহায় মানুষের জীবনে। তবে সমাজের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সংখ্যা বিবেচনায় এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৃ ফাউন্ডেশনের তরুণদের বিশ্বাস, ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়া কেবল মানবিক সহায়তা নয়, বরং তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষার একটি প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে আরও বেশি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব বলে মনে করছেন তাঁরা। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অনাহারীর আহারনৃ ফাউন্ডেশনমানবিক উদ্যোগশেরপুরস্বেচ্ছাসেবী