শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার আইনগতভাবে যা যা করণীয়, তা যথাযথ প্রক্রিয়ায় (ডিউ প্রসেস) সম্পন্ন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে। তিনি আরও বলেন, আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব।

ভারত সরকারের পদক্ষেপ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করা দরকার, সেভাবে করব।

ভারতে শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়। ভারত তাকে কীভাবে দেখছে, সেটি তাদের বিষয়। তিনি আরও বলেন, সেটা তারা কী বলছেন, তাদের বললে তো হবে না। আমার রাষ্ট্রের কাছে ওপেন আদালতে বিচার হয়েছে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে? ৩০ হাজার মানুষ কি পঙ্গু হয়নি? ন্যায়বিচারে কোনো রকম ঘাটতি রাখা হয়েছে? বিচার প্রক্রিয়ায় কি আমরা ক্যামেরা ট্রায়াল করেছি? সাক্ষী কি সাক্ষী দেয়নি?