পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৬ প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬ পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকুফের ব্যস্ত পর্যটনকেন্দ্র 'মেইন মার্কেট স্কয়ারে' এক বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে এসে জনসমাগমস্থলে উপস্থিত লোকজনের ওপর গুলি ছুড়তে শুরু করেন। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পোল্যান্ডের নাগরিক হিসেবে পাওয়া গেছে এবং একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহত ১৬ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক—যাঁরা অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও ব্রিটেনের বাসিন্দা। এছাড়া আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ হামলাকারীর গাড়িটিকে ধাওয়া করলে সেটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপর পুলিশের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় তিন মিনিট স্থায়ী এই হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। ২৫ বছর বয়সী ওই পোলিশ পুরুষকে গ্রেপ্তার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীর গাড়ি থেকে আরও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক জানিয়েছেন, ক্রাকুফ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অস্ত্রভিয়েৎস শফিয়েনতকশিস্কিতে অবস্থিত সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা ওই বন্দুকধারীর নিকটাত্মীয়। প্রধানমন্ত্রী এই ঘটনাকে 'চরম সন্ত্রাসবাদ' হিসেবে অভিহিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কির ভাষ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি চরম ডানপন্থি আদর্শ ও অতি-জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন বলে আলামত পাওয়া গেছে। ঘটনার পর শনিবার সন্ধ্যায় ক্রাকুফসহ রাজধানী ওয়ারশতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্রাকুফে ১১ নভেম্বর পর্যন্ত শোক ঘোষণা করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক সংবাদক্রাকুফনিহতপোল্যান্ডবন্দুক হামলা