দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বলেন, আগের বছরের তুলনায় দেশে মব, খুন, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধের ঘটনা কমেছে। এর আগে গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছিলেন। তাঁদের বক্তব্যের জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি দাবি করেন, এসব তথ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাঁদের ওপর জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন ও জুলুমের জন্য অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা না চেয়েই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে তিনি মন্তব্য করেন। এ সময় সালাহউদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতার একটি পুরনো বক্তব্যও স্মরণ করিয়ে দেন। তিনি জানান, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। SHARES জাতীয় বিষয়: অপরাধআইনশৃঙ্খলাপরিসংখ্যানসংসদস্বরাষ্ট্রমন্ত্রী