দক্ষ জনশক্তি ও মানসম্মত কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে দেশের শ্রমবাজারের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটছে না। এই ব্যবধান দূর করতে হলে শুধু কাজের সুযোগ বাড়ানোই যথেষ্ট নয়, বরং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানানসই দক্ষ জনশক্তি গড়ে তোলা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

রাজধানীর বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ‘রাউটলেজ’ থেকে প্রকাশিত অধ্যাপক ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ শীর্ষক বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

উন্মোচিত বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের আধিক্য, উচ্চশিক্ষিত ও তরুণদের বেকারত্ব, চাহিদার সঙ্গে দক্ষতার অমিল এবং নারী-পুরুষের কর্মসংস্থানের বৈষম্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে কর্মজগতে যে নতুন সংকট তৈরি হচ্ছে, তা চিহ্নিত করা হয়েছে। বইটিতে উল্লেখ করা হয়, শ্রমবাজারের সংকট কাটাতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো এবং ভালো ও নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা আবশ্যক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সতর্ক করে বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। অনেক দেশ মধ্যম আয়ের স্তরে পৌঁছালেও উপযুক্ত পরিকল্পনার অভাবে শিল্পোন্নত ও উচ্চ আয়ের দেশে উন্নীত হতে পারে না। তিনি উল্লেখ করেন, দেশে বড় বড় অবকাঠামো তৈরি হলেও সেগুলো দক্ষভাবে পরিচালনা করার লোকবলের ঘাটতি রয়ে গেছে। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার ধরন ও দক্ষতার সঙ্গে বাস্তব কর্মবাজারের চাহিদার বড় ফারাক রয়েছে। দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি বজায় রাখতে কম মজুরির শ্রম ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি এখন বেশি আয় ও মূল্য সংযোজনকারী শিল্প ও সেবা খাতের দিকে ধাবিত হলেও কর্মসংস্থানে সেই অনুযায়ী পরিবর্তন দেখা যাচ্ছে না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন যোগ করেন, কোনো জনগোষ্ঠী অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হলে সার্বিক জাতীয় উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হয়। তাই কেবল চাকরির সংখ্যা না বাড়িয়ে কাজের মানের দিকে নজর দেওয়া জরুরি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে কাজের ধরন বদলে যাচ্ছে এবং অনেক কাজ যন্ত্রের হাতে চলে যাচ্ছে। তবে মানুষের সৃজনশীলতা, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তার স্থান কোনো যন্ত্র নিতে পারবে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের চেয়ারপারসন অধ্যাপক ওয়াসিকুর রহমান খান। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় গবেষণার মাধ্যমে নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্তর্ভুক্ত মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), জেন্ডার সমতা (এসডিজি-৫) ও শোভন কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।