আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘সেবা মাস’ উদ্বোধন করলেন মহাপরিচালক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য এবং তাঁদের পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দেশব্যাপী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেবা মাস উপলক্ষ্যে ব্যাংকের সকল শাখায় সরাসরি গ্রাহক সমাবেশ, আমানত ও ঋণসেবা সংক্রান্ত তথ্য প্রচার, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ, ডিজিটাল সেবার বিস্তার এবং গ্রাহকদের নানা জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকের সরাসরি আর্থিক নেটওয়ার্কে যুক্ত করে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত রাষ্ট্রায়াত্ত আর্থিক প্রতিষ্ঠান, যার মূল চালিকাশক্তি ও ঋণের সিংহভাগ অংশীদার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, ‘সেবা মাস’-এর মাধ্যমে তা নিরসন করে প্রান্তিক সদস্য ও তাঁদের পরিবারের জীবনমান গঠনে ব্যাংককে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। সেই লক্ষ্যে ব্যাংকের সকল কার্যক্রমকে সম্পূর্ণ সদস্যকেন্দ্রিক করার নির্দেশনা দেন তিনি। ব্যাংকের আধুনিকায়ন ও স্বচ্ছতা জোরদারের তাগিদ দিয়ে ডিজি জানান, প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (CBS) ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ CBS কার্যক্রম চালু করা হবে। এটি বাস্তবায়ন হলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের ভাতা-বেতন এবং আভি-কারুপণ্যের ‘বাংলা কিউআর’ পেমেন্ট অন্য ব্যাংকের ওপর নির্ভর না করে সম্পূর্ণ নিজস্ব ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব হবে। প্রাতিষ্ঠানিক শাসন ও দক্ষতার বিষয়ে আলোকপাত করে মহাপরিচালক বলেন, দক্ষ জনবল ও সুশাসন ছাড়া কোনো প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত সফলতা পায় না। এই উদ্দেশ্যে ব্যাংকের এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি বিগত সময়ের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তদের পেনশনের সুযোগ স্থগিতকরণসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম বা আন্তঃকলহের কোনো সুযোগ থাকবে না উল্লেখ করে তিনি বলেন, কেবল মেধা ও যোগ্যতার মাপকাঠিতেই পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে। সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলতে ‘সঞ্জীবন’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, ১ লাখ সদস্যকে অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। পূর্বে এই ঋণসুবিধার বাইরে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও পাইলোটিংয়ের মাধ্যমে নতুন করে যুক্ত করা হয়েছে। একইসঙ্গে ঋণ ব্যবস্থাপনার ঝুঁকি কমাতে ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের বিধান রাখা হয়েছে। অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, নতুন ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের কারণে বাহিনীতে যোগদানের পর থেকেই একজন সদস্য একই প্ল্যাটফর্ম থেকে ব্যাংকের শেয়ার এবং ওয়েলফেয়ার ট্রাস্টের বহুমুখী সুবিধা পাচ্ছেন। এর আওতায় রয়েছে কারিগরি দক্ষতা বৃদ্ধি, জাপানসহ অন্যান্য দেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং কর্মরত সদস্যদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’। রেমিট্যান্স ও ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় সদস্যদের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে কাজ চলছে। কর্মসূচির প্রথম দিনেই আনসার-ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বেশ কিছু কল্যাণমুখী পদক্ষেপের সূচনা করা হয়। বরগুনার বেতাগীতে ‘বেতাগী সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্প’-এ ৮ লাখ ২০ হাজার টাকা এবং জাপানে চাকরির সুযোগ পাওয়া ময়মনসিংহের তারাকান্দার দক্ষতাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে ৩ লাখ টাকার বৈদেশিক কর্মসহায়ক ঋণ দেওয়া হয়। এছাড়া সঞ্জীবন প্রকল্পের শেয়ার বণ্টন ও কলেজ পর্যায়ের ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এসব পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক সদস্যদের আর্থিক অংশীদারত্ব বাড়বে এবং বিদেশে কাজের সুযোগসহ উৎপাদনশীল খাতে বিনিয়োগের পথ সুগম হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES জাতীয় বিষয়: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকবাংলাদেশ আনসার ও ভিডিপিব্যাংকিং সেবামেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসঞ্জীবন প্রকল্পসেবা মাস ২০২৬