৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার আদর্শে বেড়ে ওঠা তারেক রহমানের শৈশব কেটেছে সাদামাটা পরিবেশে, যেখানে অনাড়ম্বর জীবনযাপন ছিল পরিবারের মূলমন্ত্র। ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন সমাজচিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন। বিশেষ করে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে তার মায়ের আন্দোলনের উত্তাল সময়ে তিনি উচ্চশিক্ষায় নিয়োজিত ছিলেন। তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন এবং ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন। এই পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় তারেক রহমানের দক্ষ সংগঠক হিসেবে যোগ্যতার প্রমাণ দেয় এবং দলের নেতৃত্বে তার অবস্থান সুদৃঢ় করে। পরবর্তী সময়ে তিনি এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিষ্ঠুর ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের শিকার হন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর মধ্যে গভীর স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারেক রহমান একটি বহুত্ববাদী বা 'রেইনবো নেশন' গঠনের স্বপ্ন দেখেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সরকারি ব্যয়ে মিতব্যয়িতা, সীমিত গাড়িবহর ব্যবহার এবং অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ করে দায়িত্বশীল নেতৃত্বের বার্তা দিচ্ছেন। গত নয় মাসে তার সরকার বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টায় খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। এছাড়া পূর্ববর্তী সরকারের বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য 'ফ্যামিলি কার্ড', কৃষকদের জন্য 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছে এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সুদ মওকুফ করেছে। স্বাস্থ্য খাতে হেলথ কার্ড ও শিক্ষা খাতে স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য 'প্রবাসী কার্ড', ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রপ্তানি খাতেও রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় ও বিদেশ সফর কমিয়ে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করছে। সংসদীয় গণতন্ত্রে জবাবদিহি বাড়াতে সংসদে প্রশ্ন-উত্তর ও প্রাতিষ্ঠানিক নজরদারি বৃদ্ধি পেয়েছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার তার কর্মতৎপরতার পরিচয় দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালু করেছে। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে 'কৃষক কার্ড' কর্মসূচি গ্রহণ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: জন্মদিনতারেক-রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশ রাজনীতিবিএনপি