১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৮ মাস সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করার লক্ষ্যে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা আরও জোরদার করবে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিষয়ে দেওয়া রায়ের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণের দাবি আদায়ের ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, রোহিঙ্গাদের ফেরা সম্পূর্ণভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর নির্ভরশীল, যাতে তারা নিরাপদে নিজ বাড়িতে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারে। এই পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন বলে তিনি মন্তব্য করেন।

ক্ষতিপূরণের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে সরকার জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ চালিয়ে যাবে। তবে কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়, এর জন্য একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। যদি গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য ভূমিকা রাখবে। রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি না দিলেও, বিষয়টি নিরাপত্তা পরিষদে উঠলে আলোচনা করা হবে বলে জানান।

আইসিজের রায়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি আদালতের ইতিহাসে প্রথম রায় যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গণহত্যা ঠেকাতে ব্যর্থতার বিষয়টি চিহ্নিত করেছে। রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, সহিংসতা বন্ধ এবং অপরাধীদের তদন্তের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। হুমায়ুন কবির আরও জানান, এই রায় চূড়ান্ত এবং এটি মামলার পক্ষগুলোর জন্য আইনত বাধ্যতামূলক। সবশেষে তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হুমায়ুন কবির জানান, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং যে ১১টি দ