বাগেরহাটে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, দেওয়ালে লিখল দুর্বৃত্তরা প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬ বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় অবস্থিত বিএনপি'র কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে দুর্বৃত্তরা কার্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখে রেখে গেছে। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে এই ঘটনার পাশাপাশি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে যানচলাচল ব্যাহত করার চেষ্টা চালায়। তবে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল জানান, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা তাদের কার্যালয়ে আগুন দিয়েছে এবং শ্রীঘাট এলাকায় রাস্তায় গাছ ফেলেছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের যেকোনো অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছেন এবং স্থানীয়রা তাদের প্রতিরোধে সক্রিয় রয়েছে। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: অগ্নিসংযোগঅপরাধবাগেরহাটবিএনপিরাজনীতি