বাহরাইনে মার্কিন ড্রোন ঘাঁটি ও এআই কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ১৭তম ধাপের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি মানববিহীন সারফেস ভেসেল (ইউএসভি) বা ড্রোন নৌযানের ডিপোতে হামলা চালানো হয়েছে। হামলায় স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা বিপুলসংখ্যক ড্রোন নৌযানে আগুন ধরে যায়। এছাড়া, যুক্তরাষ্ট্র সামরিক লক্ষ্য নির্ধারণে ব্যবহার করত এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের পক্ষ থেকে এই হামলার কারণ হিসেবে অভিযোগ করা হয়েছে যে, আগের রাতে যুক্তরাষ্ট্র ইরানে সেতু ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হতাহত করেছে। এর জবাবেই এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন অবকাঠামো ও সেতুগুলোতে হামলা অব্যাহত রাখে, তবে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন বা মার্কিন শেয়ারধারী কোম্পানির গুরুত্বপূর্ণ শিল্প, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা–সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, তারা এসব হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগী। উল্লেখ্য, আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।