হরমুজে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলের ট্যাঙ্কার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এই বিস্ফোরণে জাহাজ দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। আইআরজিসি-র নৌবাহিনী জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভুল নির্দেশনায় বিভ্রান্ত হয়ে ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশের মাইনক্ষেত্রের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে মাইন বা নৌ-বোমার আঘাতে জাহাজ দুটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মাইনক্ষেত্রে প্রবেশের আগে জাহাজ দুটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা নাবিকদের হতাহতের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি এই এলিট বাহিনীটি। একই সময়ে, নিজেদের জলসীমায় আধিপত্য বজায় রাখার অংশ হিসেবে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। টানা সপ্তম রাতের মতো মার্কিন বাহিনীর বিমান হামলা ও বোমাবর্ষণের পরপরই এই মাইন বিস্ফোরণের ঘটনাটি সামনে এল। ঘটনার পর হরমুজ প্রণালিকে ‘অত্যন্ত অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছে আইআরজিসি। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তেল, গ্যাস বা রাসায়নিক সার রফতানির কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। তারা নাবিকদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার্থে আমেরিকার ছড়ানো বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানতেলের ট্যাঙ্কারমাইন বিস্ফোরণহরমুজ প্রণালি