নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা নিহত, লুট ৪ লাখ টাকার মালামাল প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬ নরসিংদীর মাধবদী থানার বলবর্দী এলাকায় শুক্রবার দিবাগত রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এই হামলায় শাহজাহান মিয়া (৫০) নামে বাড়ির গৃহকর্তা ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া পরিবারের আরেক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িটিতে হানা দেয়। বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। টানা ২০-২৫ মিনিট ধরে চালানো তাণ্ডবে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত ১০ জুলাই কাঠালিয়া এলাকায় একই রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই সময় বিএনপির সাবেক সভাপতির ছেলের বাড়ি থেকে ৪৩ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা লুট হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় পুনরায় এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বলে তারা দাবি করছেন। SHARES অন্যান্য বিষয়: অপরাধডাকাতিনরসিংদীমাধবদীহত্যা