মেঘনায় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইয়াসিন সরকার দিপু নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে হাইরমারা ইউনিয়নের মনিপুরা নদীঘাট সংলগ্ন একটি ইটভাটার কাছ থেকে তার মরদেহটি পাওয়া যায়। মৃত দিপু উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পার গ্রামের হান্নান সরকারের ছেলে এবং আলহেরা আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিপু হাইরমারা ইউনিয়নের মনিপুরা গ্রামে নানা বাড়িতে বেড়াতে যান। ওইদিন দুপুর ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে নানা বাড়ির পাশের মেঘনা নদীর মনিপুরা ঘাটে গোসল করতে নামেন তিনি। বন্ধুরা গোসল শেষে উঠে আসলেও দিপু নদীতে তলিয়ে যান।

ঘটনার দিনই পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। নরসিংদী থেকে আসা ডুবুরি দল দীর্ঘক্ষণ নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পায়নি। অবশেষে সোমবার ভোরে স্থানীয়রা মনিপুরা নদীঘাটের পাশে একটি ইটভাটার কাছে মরদেহটি ভাসতে দেখে পরিবারকে খবর দেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুবিবর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার এই উপজেলায় চারজন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এই উপজেলায় ৪ জন মাদ্রাসাছাত্রী এবং শুক্রবার আরও দুই শিশু পানিতে ডুবে মারা যায়।