অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

প্রকাশিত: 6:01 PM, August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করতে সরকার অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যেই বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম দায়িত্ব। ছাত্র-জনতার এই ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। তাই অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রথমে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহিদদের স্বপ্নের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভা এবং শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী জেলাজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে।