জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামই একমাত্র সমাধান: পীর সাহেব চরমোনাই

প্রকাশিত: 5:30 PM, August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জাতি যে প্রত্যাশা তৈরি করেছিল তা মানবরচিত কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, বৈষম্য রোধ, নারীর নিরাপত্তা এবং সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করার জন্য ইসলামই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।

সমাবেশে পীর সাহেব চরমোনাই আরও বলেন, জাতির ইতিহাসে আমাদের ত্যাগ ও আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বারবার জীবন দিয়েছি ও পঙ্গুত্ব বরণ করেছি, কিন্তু যে লক্ষ্য নিয়ে এই ত্যাগ স্বীকার করা হয়েছে তা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন যে, শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করা হয়েছে এবং স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে ওঠায় জুলাইয়ের সম্ভাবনা নষ্ট হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গুম তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়ার তীব্র সমালোচনা করে একে জুলাই চেতনার সাথে 'স্পষ্ট গাদ্দারি' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, অতীতে গুমের সাথে পুলিশের সম্পৃক্ততা ছিল সবচেয়ে বেশি, তাই বর্তমান সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা পূরণ হয়নি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বলেন, ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য তালিকার শীর্ষে রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়ী হলে ঢাকাকে একটি পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।

সমাবেশটি সঞ্চালনা করেন নগর দক্ষিণ-এর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ। এতে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নগর দক্ষিণ সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, নগর উত্তরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ প্রমুখ।