মুক্তিযোদ্ধাদের মতো সব সুযোগ-সুবিধা পাবেন জুলাইযোদ্ধারা: ভূমিমন্ত্রী প্রকাশিত: 2:11 PM, August 5, 2026 জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মুক্তিযোদ্ধাদের মতো জুলাইযোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের পাশে সরকার সবসময় থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। বুধবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদদের পরিবারের সদস্য ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য সরকার কাজ করে যাচ্ছে। শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ছাত্র-জনতা যে বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাকিব আঞ্জুমের বাবা। তিনি আবেগাপ্লুত কণ্ঠে তাঁর সন্তান হত্যার বিচার দাবি করে বলেন, 'আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।' এর আগে ভূমিমন্ত্রী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এদিকে সকাল থেকেই জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্মৃতিস্তম্ভ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং নগরজুড়ে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৩: ৫৯আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৪: ০৯ SHARES জাতীয় বিষয়: জুলাই গণঅভ্যুত্থানজুলাইযোদ্ধাভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুরাজশাহীশহীদ শাকিব আঞ্জুম